Levítico 8

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV)

1 সদাপ্রভু মোশিকে বললেন,

2 “তুমি হারোণ ও তার ছেলেদের, তাদের পোশাক-পরিচ্ছদ, অভিষেকার্থ তেল, পাপার্থক বলিদানের জন্য বাছুর, দুটি মেষ ও এক ঝুড়ি খামিরবিহীন রুটি আনো,

3 এবং সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সমগ্র মণ্ডলীকে সমবেত করো।”

4 সদাপ্রভুর আদেশমতো মোশি কাজ করলেন ও সমাগম তাঁবুর প্রবেশদ্বারে জনমণ্ডলী সমবেত হল।

5 জনগণের উদ্দেশে মোশি বললেন, “এই কাজ করতে সদাপ্রভু আদেশ দিয়েছেন।”

6 পরে হারোণ ও তাঁর ছেলেদের মোশি সামনে আনলেন ও জল দিয়ে তাদের ধুয়ে দিলেন করলেন।

7 তিনি হারোণকে কাপড় পরালেন, রেশমি ফিতে দিয়ে তার কোমর বেঁধে, তার গায়ে পোশাক ও তার উপরে এফোদ দিলেন এবং একটি বুনানি করা কোমরবন্ধ দিয়ে তার গায়ের এফোদ বেঁধে দিলেন। এর দ্বারা হারোণ সুদৃঢ় হল।

8 মোশি হারোণকে বুকপাটা দিলেন ও বুকপাটাতে ঊরীম ও তুম্মীম স্থাপন করলেন।

9 পরে হারণের মাথায় তিনি পাগড়ি পরিয়ে দিলেন, এবং পাগড়ির সামনের দিকে সোনার পাত দিয়ে গড়া পবিত্র প্রতীক জুড়ে দিলেন, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।

10 পরে মোশি অভিষেকার্থক তেল নিলেন, এবং সমাগম তাঁবু ও তার মধ্যের সমস্ত দ্রব্য অভিষিক্ত করলেন, এবং সেগুলি উৎসর্গ করলেন।

11 তিনি বেদিতে সাতবার তেল ছিটালেন; বেদি এবং বেদির সমস্ত পাত্র, খাড়া রাখার উপাদান সমেত প্রক্ষালন পাত্র পবিত্র করণার্থে অভিষেক করলেন।

12 হারোণের মাথায় তিনি কিছুটা অভিষেকার্থক তেল ঢাললেন ও তাকে পবিত্র করণার্থে অভিষিক্ত করলেন।

13 তারপর তিনি হারোণের ছেলেদের সামনে আনলেন, কাপড় পরালেন, কটি বন্ধনে আবদ্ধ করলেন ও তাদের মাথায় শিরোভূষণের বন্ধনী দিলেন, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।

14 পরে পাপার্থক বলিদানের জন্য তিনি বাছুর রাখলেন, এবং হারোণ ও তার ছেলেরা বাছুরটির মাথায় হাত রাখলেন।

15 মোশি ওই বাছুরটিকে বধ করলেন এবং বেদি শুচি করার জন্য বেদির শিংগুলিতে আঙুল দিয়ে কিছুটা রক্ত ঢাললেন। অবশিষ্ট রক্ত তিনি বেদিমূলে ঢেলে দিলেন। এইভাবে প্রায়শ্চিত্ত করার জন্য তিনি সমস্তই পবিত্র করলেন।

16 আর মোশি অন্ত্রের সব মেদ, যকৃতের পর্দা, দুটি কিডনি ও কিডনির মেদ ছাড়িয়ে নিলেন ও বেদিতে জ্বালিয়ে দিলেন।

17 কিন্তু বাছুরটির চামড়া, মাংস ও গোবর শিবিরের বাইরে নিয়ে গেলেন ও সেগুলি পুড়িয়ে দিলেন, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।

18 পরে হোমবলির জন্য তিনি মেষ রাখলেন এবং হারোণ ও তাঁর ছেলেরা সেটির মাথায় তাঁদের হাত রাখল।

19 পরে মোশি ওই মেষকে বধ করলেন ও বেদির উপরে চারপাশে রক্ত ছিটালেন।

20 তিনি মেষটিকে খণ্ড খণ্ড করে কাটলেন এবং তার মাথা, মাংসখণ্ড, ও মেদ পোড়ালেন।

21 তিনি অন্ত্র ও পাগুলি জল দিয়ে ধুয়ে দিলেন এবং হোমবলিরূপে গোটা মেষ বেদিতে পোড়ালেন যা সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত অগ্নিকৃত সৌরভার্থক সন্তোষজনক উপহার, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।

22 এরপর অভিষেকের জন্যে তিনি অন্য একটি মেষ রাখলেন, এবং হারোণ ও তাঁর ছেলেরা সেটির মাথায় হাত রাখলেন।

23 মোশি ওই মেষকে বধ করলেন এবং হত মেষের কিছুটা রক্ত নিয়ে হারোণের ডান কানের ডগায়, তার ডান হাতের বুড়ো আঙুলে ও তার ডান পায়ের বুড়ো আঙুলে লেপন করলেন।

24 মোশি হারোণের ছেলেদেরও সামনে আনলেন এবং তাদের ডান কানের ডগায়, তাদের ডান হাতের বুড়ো আঙুলে ও ডান পায়ের বুড়ো আঙুলে কিছুটা রক্ত ঢেলে দিলেন। পরে তিনি বেদির উপরে চারপাশে রক্ত ছিটালেন।

25 এরপরে তিনি মেদ, মেদযুক্ত লেজ, অন্ত্রবেষ্টিত সব মেদ, যকৃতের পর্দা, দুটি কিডনি ও কিডনির মেদ ডান জাং-এ ছাড়িয়ে নিলেন।

26 পরে সদাপ্রভুর সামনে রাখা খামিরবিহীন রুটির ঝুড়ি থেকে একটি রুটি, তৈলপক্ক একটি রুটি এবং একটি সরুচাকলি তিনি তুলে নিলেন, তিনি মেদের অংশে ও ডান জাং-এ এগুলি রাখলেন।

27 হারোণ ও তার ছেলেদের হাতে তিনি এগুলি দিলেন, এবং দোলনীয়-নৈবেদ্যরূপে সদাপ্রভুর সামনে এগুলি দোলালেন।

28 এরপর তাদের হাত থেকে মোশি সেগুলি নিলেন এবং অভিষেক নৈবেদ্যরূপে হোমবলির উপরে বেদিতে সকল নৈবেদ্য পোড়ালেন, যা সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত অগ্নিকৃত সৌরভার্থক সন্তোষজনক এক উপহার।

29 তিনি বক্ষটিও নিলেন যা অভিষেক মেষ থেকে মোশির অংশ এবং দোলনীয় এক নৈবেদ্যরূপে সদাপ্রভুর সামনে সেটি দোলালেন যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।

30 পরে মোশি বেদি থেকে কিছুটা অভিষেকার্থক তেল ও রক্ত নিলেন এবং হারোণ ও তাঁর পরিধানে এবং তাঁর সকল ছেলে ও তাদের পোশাকে ছিটালেন। এইভাবে হারোণ ও তাঁর পোশাককে, এবং তাঁর সকল ছেলে ও তাদের পোশাককে মোশি পবিত্র করলেন।

31 পরে হারোণ ও তার ছেলেদের মোশি বললেন, “সমাগম তাঁবুর প্রবেশদ্বারে তোমরা মাংস রান্না করো ও অভিষেক নৈবেদ্যগুলির ঝুড়ি থেকে রুটি নিয়ে মাংস দিয়ে ভোজন করো: ‘যেমন আমি বললাম, হারোণ ও তার ছেলেরা সবাই সেরকমই করুক।’

32 পরে অবশিষ্ট মাংস ও রুটি পুড়িয়ে দাও।

33 সাত দিনের জন্য সমাগম তাঁবুর প্রবেশদ্বার ছেড়ে যেয়ো না, যতদিন না তোমাদের অভিষেকের দিনগুলি সম্পূর্ণ হয়, কেননা তোমাদের অভিষেক সাত দিন স্থায়ী হবে।

34 সদাপ্রভুর আদেশানুসারে আজ সেই কাজ করা হল, যেন তোমাদের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হয়।

35 সমাগম তাঁবুর প্রবেশদ্বারে দিনরাত সাত দিন অবধি তোমরা অবশ্যই থেকো, এবং সদাপ্রভুর চাহিদা অনুযায়ী কাজ করো; তাহলে তোমরা মরবে না; কেননা আমাকে এই আদেশ করা হয়েছে।”

36 সুতরাং মোশির মাধ্যমে সদাপ্রভুর আদেশ অনুযায়ী হারোণ ও তাঁর ছেলেরা সকল কাজ করল।

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Levítico 8, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.