Deuteronômio 14

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV)

1 তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সন্তান। তোমরা মৃত লোকদের জন্য দেহের কোনও জায়গায় ক্ষত করবে না কিংবা মাথার সামনের চুল কামাবে না,

2 কেননা তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা। পৃথিবীর সমস্ত জাতির মধ্য থেকে সদাপ্রভু তোমাদের বেছে নিয়েছেন যাতে তোমরা তাঁর নিজের বিশেষ সম্পত্তি হও।

3 কোনও ঘৃণ্য জিনিস খাবে না।

4 এসব পশু তোমরা খেতে পারো: গরু, মেষ, ছাগল,

5 হরিণ, গজলা হরিণ, রাই হরিণ, বুনো ছাগল, বুনো ছাগবিশেষ, কৃষ্ণসার হরিণ এবং পাহাড়ি মেষ।

6 যেসব পশু দ্বিখণ্ড খুরবিশিষ্ট ও জাবর কাটে তার মাংস তোমরা ভোজন করতে পারবে।

7 কিন্তু, যারা জাবর কাটে অথবা কেবল দ্বিখণ্ড খুরবিশিষ্ট এমন পশু যেমন উট, খরগোশ অথবা শাফন খাবে না। যদিও তারা জাবর কাটে, তাদের খুর চেরা নয়; সেগুলি তোমাদের পক্ষে অশুচি।

8 শূকরও অশুচি; যদিও তার খুর দ্বিখণ্ডিত, সে জাবর কাটে না। তোমরা তাদের মাংস খাবে না কিংবা তাদের মৃতদেহও ছোঁবে না।

9 জলে বাস করা প্রাণীদের মধ্যে যেগুলির ডানা ও আঁশ আছে সেগুলি তোমরা খেতে পারবে।

10 কিন্তু যেগুলির ডানা ও আঁশ নেই সেগুলি তোমরা খেতে পারবে না; তোমাদের জন্য সেগুলি অশুচি।

11 তোমরা যে কোনো শুচি পাখি খেতে পারো।

12 কিন্তু এগুলি তোমরা খাবে না যেমন ঈগল, শকুন, কালো শকুন,

13 লাল চিল, কালো চিল, যে কোনো বাজপাখি,

14 যে কোনো ধরনের দাঁড়কাক,

15 শিংযুক্ত প্যাঁচা, কালপ্যাঁচা, শঙ্খচিল, যে কোনোরকম বাজপাখি,

16 ছোটো প্যাঁচা, বড়ো প্যাঁচা, সাদা প্যাঁচা,

17 মরু-প্যাঁচা, সিন্ধু-ঈগল, পানকৌড়ি,

18 সারস, যে কোনো ধরনের কাক, ঝুঁটিওয়ালা পাখি ও বাদুড়।

19 উড়ে বেড়ায় এমন সব পোকা তোমাদের পক্ষে অশুচি; সেগুলি খাবে না।

20 কিন্তু যেসব প্রাণীর ডানা আছে এবং শুচি সেগুলি তোমরা খেতে পারবে।

21 মরে পড়ে থাকা কোনো প্রাণী তোমরা খাবে না। তোমাদের নগরে বসবাস করা অন্য জাতির কোনো লোককে তোমরা সেটি দিয়ে দিতে পারবে এবং সে তা খেতে পারবে, কিংবা তোমরা কোনো বিদেশির কাছে সেটি বিক্রি করে দিতে পারবে। কিন্তু তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভু কাছে পবিত্র প্রজা।

22 প্রত্যেক বছর তোমাদের জমিতে যেসব ফসল ফলবে তার দশ ভাগের এক ভাগ তোমরা অবশ্যই আলাদা করে রাখবে।

23 তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে যাতে তোমরা সবসময় ভক্তি করতে শেখো সেইজন্য তোমাদের শস্য, নতুন দ্রাক্ষারস ও জলপাই তেলের দশমাংশ এবং তোমাদের পালের গরু, মেষ ও ছাগলের প্রথম শাবক তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে খাবে। তোমাদের এমন জায়গায় খেতে হবে যে জায়গাটি তিনি নিজেকে প্রকাশ করবার জন্য তাঁর বাসস্থান হিসেবে বেছে নেবেন।

24 কিন্তু যদি সেই জায়গাটি খুব দূরে হয় এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের এত আশীর্বাদ করে থাকেন যে সেই দশ ভাগের এক ভাগ বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় (কারণ যে জায়গাটি সদাপ্রভু তাঁর নামের জন্য মনোনীত করবেন সেটি অনেক দূরে),

25 তোমাদের দশমাংশ রুপোর সঙ্গে বদলে নেবে, এবং সেই রুপো সঙ্গে নিয়ে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর মনোনীত জায়গায় যাবে।

26 সেই রুপো ব্যবহার করে তোমরা যা ইচ্ছা কিনতে পারবে যেমন গরু, মেষ, দ্রাক্ষারস কিংবা গাঁজানো পানীয় বা তোমাদের খুশিমতো যা কিছু। তারপর তোমরা তোমাদের পরিবার নিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে খাওয়াদাওয়া করে আনন্দ করবে।

27 যে লেবীয়েরা তোমাদের নগরে বসবাস করে তাদের অবহেলা করবে না, কারণ তাদের নিজেদের কোনও ভাগ বা উত্তরাধিকার নেই।

28 প্রত্যেক তৃতীয় বছরের শেষে, তোমাদের সেই বছরের ফসলের দশমাংশ তোমাদের নগরে জমা করবে,

29 যেন লেবীয়েরা (যাদের নিজেদের কোনো ভাগ বা উত্তরাধিকার নেই) এবং বিদেশিরা, পিতৃহীন ও বিধবা যারা তোমাদের নগরে বাস করে তারা এসে খেয়ে তৃপ্ত হতে পারে, এবং যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের হাতের সব কাজে আশীর্বাদ করেন।

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Deuteronômio 14, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.